২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও ভাংচুর করেছে। এ সময় সংঘর্ষে পাঁচ পুলিশ, চার সাংবাদিকসহ বেশ কজন আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ৯টার দিকে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পলিটেকনিক ও ফেনী সদর হাসপাতাল এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।

পরে তারা লাঠি নিয়ে বিক্ষোভ করে শহরের ট্রাংক রোডের দিকে যাওয়ার পথে রাস্তার দুপাশের প্রায় একশ’ গাড়ি ভাংচুর করে। এর মধ্যে ফেনী মডেল থানার পরিদর্শকের গাড়িও রয়েছে।

এছাড়া বেশকিছু বাসা-বাড়ি ও অফিসেও হামলা চালায় শিক্ষার্থীরা।

ফেনী পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. শামছুল আলম সরকার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা সাড়ে ১১টার দিকে অভিযানে নামে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব শটগানের গুলি ও রবার বুলেট ছোড়ে।

দুপুর একটার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

সংঘর্সে পাঁচজন পুলিশ ও দুইজন র‌্যাব সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেনী প্রতিনিধিসহ চারজন সাংবাদিক আহত হন।

তিবে আহত শিক্ষার্থী ও পথচারীর নিশ্চিত সংখ্যা জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা আরো জানান, দুপুর আড়াইটার দিকে জন-প্রতিনিধি পুলিশ, র‌্যাব ও ইনস্টিটিউটের শিক্ষক ও ছাত্রদের মধ্যে সমাঝোতা বৈঠক চলাকালেও ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।