বাগেরহাটে ডিপ্লোমা চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন
দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও পদোন্নতিসহ চারদফা দাবিতে মানববন্ধন করেছেন বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ডিপ্লোমা পাশ চিকিৎসক এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা।
সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের সদর হাসপাতালের সামনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মেডিকেল স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এই মানববন্ধনে অংশ নেন।
চার দফার অন্য দুইটি হচ্ছে ইন্টার্ন ভাতা ও আবাসন সুবিধা চালুসহ উচ্চ শিক্ষার সুযোগ দেয়া।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ১৯৭৬ সালে মেডিকেল স্কুলের যাত্রা শুরু হয়। সেই সময় থেকে দেশের বিভিন্ন মেডিকেল স্কুল থেকে পাশ করা অন্তত আট হাজার ডিপ্লোমা চিকিৎসক বাংলাদেশের বিভিন্ন স্থানে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
অন্য ডিপ্লোমাধারীরা সরকারি চাকরি ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা পেলেও মেডিকেল স্কুলের ডিপ্লোমা চিকিৎসকরা গত ৩৫ বছরে এ পদমর্যাদা ও পদোন্নতি পাননি।
অবিলম্বে সরকার তাদের এই দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল ইন্টার্ন অ্যাসোসিয়েশনের বাগেরহাট জেলা সভাপতি মাসুদ রানা, সহসভাপতি বিপুল বাইন, সাধারণ সম্পাদক সুমন কুমার দে ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত মন্ডল, সাধারণ সম্পাদক জামিনুর রহমান প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
