২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীসহ বাসে আগুন পলিটেকনিক শিক্ষার্থীদের

পুলিশের সঙ্গে সংঘর্ষের একদিন পর পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষর্থীরা একটি যাত্রীবাহী বিআরটিসি বাসে ভাংচুর চালিয়ে আগুন দিয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের করমজাতলায় এ হামলায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাস্থল থেকে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে স্বীকৃতিসহ দুদফা দাবিতে কয়েকদিন ধরে সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ, অবরোধ করছে। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে বিভিন্ন স্থানে। 

রোববারও এই ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় তারা পুলিশের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বিআরটিসি বাসটি কুয়াকাটা থেকে সকাল ৭টায় ছেড়ে খুলনা যাচ্ছিল।

পটুয়াখালী শহর সংলগ্ন করমজাতলা পৌঁছলে শিক্ষার্থীরা বাসটিতে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের যাত্রীদের বেশকিছু ব্যাগ ও মালপত্র পুড়ে যায়।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সদর থানার এসআই ফেরদৌস আহমেদ জানান, ঘটনাস্থল থেকে ইনস্টিটিউটের ছয় ছাত্র সাঈদুর রহমান, ইউসুফ রাঢ়ী, সুজন আহমেদ, সজীব মিস্ত্রি, সাখাওয়াত হোসেন ও ইদ্রিস আলীকে আটক করা হয়েছে।

মামলা দায়ের

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম আরো জানান, রোববার পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পুলিশের মোটরসাইকেল জ্বালানোর ঘটনায় অজ্ঞাত পরিচয় এক হাজার শিক্ষার্থীকে আসামি করে পুলিশ পৃথক দুটি মামলা করেছে বলে জানান ওসি মনির।

ওইদিন গ্রেপ্তার ২৫ শিক্ষার্থীকে ওই মামলায় আসামি দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।