গাজীপুরে চার শতাধিক পাখি উদ্ধার
গাজীপুরের পালেরপাড়া এলাকা থেকে বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে চারশ’ পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
সোমবার সকালে পালেরপাড়া এলাকার অধ্যাপক গোলাম মোস্তফার ভাড়া বাড়ি থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
ঢাকার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মো. সোহেল রানা জানান, সকাল ৬টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। এ সময় পাখি ব্যবসায়ী পলাশ, মেরাজ, মো. কাউসার ও ফজলুর রহমান পালিয়ে যায়।
এসব পাখির মধ্যে ৩৫০টি মুনিয়া, ১৬টি রোজ রিং ও ৭৮টি হেং গিং তোতাপাখি রয়েছে।
সোহেল রানা বলেন, দেশীয় প্রজাতির সব ধরনের পাখি ধরা, মারা, খাঁচায় পোষা এবং আমদানি ও রপ্তানি অবৈধ।
জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রক্রিয়ার চলছে। আদালতের অনুমতি নিয়ে পাখিগুলো গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে।
