‘সন্ত্রাসে অতিষ্ঠ দেশের মানুষ’
দেশের মানুষ হানাহানি, টেন্ডারবাজি, জুলুমবাজি, দলবাজি আর সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী জিএম কাদের।
লালমনিরহাটে একটি গণমিছিল শেষে এক সমাবেশে রোববার সন্ধ্যায় তিনি এ কথা বলেন।
এরশাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারের দাবিতে এই গণমিছিলের আয়োজন করা হয়।
মন্ত্রী দাবি করেন, দেশে এখন সাধারণ মানুষের নিরাপত্তা নেই, সংখ্যালঘুদেরও নিরাপত্তা নেই। দেশের মানুষ এসব থেকে মুক্তি চায়, শান্তি চায়, উন্নয়ন চায়।
মানুষকে সুখ, শান্তি আর গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে জানিয়ে জিএম কাদের বলেন, “আমরা ক্ষমতার লোভী নই, বরং দেশের মানুষের দায়িত্ব নিতে চায় জাতীয় পার্টি।”
জাতীয় পার্টি ক্ষমতায় গেলে উন্নয়ন হবে, আর দেশের মানুষ শান্তিতে থাকবে, বলেন তিনি।
সমাবেশে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম মাহবুবুল আলম মিঠু, যুগ্ম আহবায়ক এসকে খাজা মইন উদ্দিন, যুগ্ন-সম্পাদক এমজি মোস্তফা, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুদু ও লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান ডাবলু বক্তব্য রাখেন।
