২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টে অসন্তোষ হেফাজতের ইন্ধনে: শ্রমমন্ত্রী

ন্যূনতম আট হাজার টাকা মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার পেছনে হেফাজত ইসলামের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 03:16 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

রোববার দুপুরে মন্ত্রণালয়ে পোশাক ও শিল্পমালিকদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “হেফাজতে ইসলামের আমির আহমেদ শফির ইন্ধনে পোশাক শিল্পে অসন্তোষ দেখা দিয়েছে।”

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত সপ্তাহে প্রায় প্রতিদিনই ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে বিক্ষোভ অবরোধ করে ব্যাপক ভাংচুর চালায় শ্রমিকরা। নৌমন্ত্রী শাজাহান খান ও স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে দফায় দফায় বৈঠক করে শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানালেও অসন্তোষ চলতে থাকে। 

হেফাজত ছাড়া আর কেউ বিশৃঙ্খলায় ইন্ধন দিচ্ছে কি না জানতে চাইলে শ্রমমন্ত্রী বলেন, “যারা দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে তারাও এর সঙ্গে জড়িত।”

মন্ত্রী বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহেই পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। যেদিন থেকে বেতন কাঠামো ঘোষণা করা হবে, সেদিন থেকেই তা কাযর্কর হবে।

পোশাক শ্র্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস দেয়া হবে।

মজুরি বোর্ড যে বেতন নিদির্ষ্ট করবে সেই বেতন কাঠামোই সব কারখানা মালিক মেনে নেবেন বলেও তিনি আশ্বাস দেন।

অন্যদের মধ্যে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানও বৈঠকে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

মজুরি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেবে বিজিএমইএ