ইউনূস দেশের পক্ষে লবি করেনি: জয়
দেশের দুর্যোগ মুহূর্তে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে কখনো দেশের পাশে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়।
সম্প্রতি চট্টগ্রামে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে ‘লেটস টক’ অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তনয়। শনিবার বেসরকারি টেলিভিশন স্টেশন ইন্ডিপেন্ডেন্ট এই অনুষ্ঠান সম্প্রচার করে।
অনুষ্ঠানের এক পর্যায়ে একজন জানতে চান- ড. মুহাম্মদ ইউনুসকে বর্তমান সরকার নেতিকবাচকভাবে না নিয়ে ইতিবাচকভাবে ব্যবহার করতে ‘লবিস্ট’ হিসেবে রাখলে লাভ হতো কিনা?
জবাবে জয় বলেন, “ড. মুহাম্মদ ইউনূস কী করবেন তা আমি বলতে পারি না। তিনি আমাদের লবিস্ট হবেন কি না তার ওপর নির্ভর করবে। কিন্তু দেশের কোনো গরুত্বপূর্ণ ইনসিডেন্টে, কোনো গরুত্বপূর্ণ বিষয়ে তার কোনো ইনভল্ভমেন্ট নেই, কোনো বক্তব্য দেননি। বরং ২০০৬ সালে বিএনপি যখন কারচুপির নির্বাচন করতে চাচ্ছে, সারাদেশ বলছে-বিদেশি অবজারভাররা বলছে- নিরপেক্ষ নির্বাচন হবে না; তখন উনি রাষ্ট্রপতিকে বলছেন- আপনার যা করার তাই করে যান।”
সাম্প্রতিক সময়ে রাজনীতিতে নিজের অবস্থান জানিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে মুখর রয়েছেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন ইউনূস।
জয় বলেন, “বিএনপি-জামায়াত শাসনামলে একযোগে দেশে ৫০০টি বোমা বিস্ফোরণ, আওয়ামী লীগ সভানেত্রীর ওপর ২১ আগস্ট গেনেড হামলা হলো, তখন বুশ পর্যন্ত ফোন করেছেন, কিন্তু ড. ইউনূস কোনো স্টেটমেন্ট দেননি।
“যে আমার দেশের পক্ষে কোনো লবি করেননি, তাকে লবিস্ট করে লাভ কী!”
খোলামেলা আলোচনায় বঙ্গবন্ধু, মা শেখ হাসিনা, স্ত্রী-কন্যার নানা স্মৃতির বিষয়ে আগ্রহ ছিল শিক্ষার্থীদের। নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছোট বেলার স্মৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী তনয়। ছোটবেলায় খুবই সাধারণ জীবনযাপনের কথা স্মরণ করতে গিয়ে হোস্টেল জীবন, সাইকেল চালানো ও বন্ধুদের সঙ্গে মারমারির কথা তুলে ধরেন জয়।
“আমার মেয়ে সোফিয়ার বয়স এখন ছয় বছর। আমার মেয়ে আমার জান। স্ত্রী ক্রিস্টিনা আমার বেস্ট ফ্রেন্ড। তার সঙ্গে এমন কোনো বিষয় নেই আলাপ করি না। টেক্সাসে থাকতে মটর সাইকেলে করে প্রথমবার তাকে লেকের পাড়ে নিয়ে যাই।”
নিজের রাজনীতিতে সম্পৃক্তার বিষয়ে জয় জানান, ২০০৪ সালে মায়ের ওপর গ্রেনেড হামলার পরেই রাজনীতিতে সম্পৃক্ততার সিদ্ধান্ত নেন তিনি।
তবে ২০০১ বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সেভাবে নির্যাতন শুরু করে, ছোট্ট শিশুর ওপর অমানবিক নির্যাতন চালায় তখনই দেশের জন্য কিছু করার মনস্থির করেছিলেন বলে জানান জয়।
“যারা [বিএনপি] এসব করতে পারে তারা তো রাজনৈতিক দল হতে পারে না।…তখনই [রাজনীতিতে সম্পৃক্ত হয়ে] দেশের জন্য কিছু করার জেদ চাপলো।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা রয়েছে।
জয় বলেন, “৯৬ সালে বিএনপি সাজানো নির্বাচন করেছিল। ২০০৬ সালে ভুয়া ভোটার দিয়ে নির্বাচনের প্রচেষ্টা চালায়। তারা ঢাকা-১০ ও মাগুরা উপনির্বাচন করে সাজানো। আর আওয়ামী লীগের এ সময়ে ৬ হাজার নির্বাচন হয়েছে। কেউ একটি প্রশ্নও তুলতে পারেনি। শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শেখ হাসিনা কারচুপির নির্বাচন করবে না, নিরপেক্ষ নির্বাচন করবে। এ নিশ্চয়তা দিতে পারি।”
রাজনীতিতে মেধাভিত্তিক তরুণ নেতৃত্ব দেখে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।
“আমি রাজনীতিতে এসেছি সাধারণ সদস্য হয়ে। এটা কোনো রাজত্ব না যে- এসেই ভাইস চেয়ারম্যান হবেন। আমি এটা করিনি। বিএনপিকে তো আমি কন্ট্রোল করতে পারি না। কিন্তু আপনার ভোট দিতে হবে মেধা দেখে, তরুণ নেতৃত্ব দেখে।”
রূপকল্প ২০২১ কে বাস্তবায়নে ও উন্নয়রে ধারবাহিকতা ধরে রাখতে উপযুক্ত নেতৃত্বকেই বেছে নিতে সবার কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রীপুত্র জয়।
আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, “দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, মানুষ যাতে আরাম-আয়েশে থাকতে পারে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত আপনাদের হাতে। আমরা নিশ্চয়তা দিচ্ছি-উন্নয়নের পরিকল্পনা আরো বাকি রয়েছে, সব কিছু বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবোই।”
বর্তমান সরকারের মেয়াদে যুদ্ধাপরাধীদের বিচারের একটি রায়ের চূড়ান্ত হলেও তা বাস্তবায়ন করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
ক্ষমতায় গেলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নেও বিশেষ নজর দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন জয়।
