নাটক দেখে জন্মদিন কাটালেন প্রধানমন্ত্রী
পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে ও নাটক দেখে জন্মদিন পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ছিল আওয়ামী লীগ সভানেত্রীর ৬৭তম জন্মদিন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদান উপলক্ষে এবার পরিবারের সদস্যদের সঙ্গে নিউ ইয়র্কেই জন্মদিন পালন করছেন প্রধানমন্ত্রী।
হাসিনাপুত্র সজিব ওয়াজেদ জয় তার ফেইসবুক পেইজে লিখেছেন, “খুব ব্যস্ত একটা দিন গেল আমার মায়ের জন্মদিনের পরিকল্পনায়। গতরাতে ক্রিস্টিন, আমার বোন এবং বোনের বড় মেয়ে তাঁকে বোর্ডওয়েতে নাটক দেখতে নিয়ে গিয়েছিল।”
“আজ আমরা তাঁকে নিয়ে একটি কেক কাটবো এবং অবশ্যই মা‘কে চমতকার কিছু উপহার দিব।”
ফাইল ছবি
শনিবার বাদ জোহর বায়তুল মোকারম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগ বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা করে।
দলীয় সভাপতির জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানার খাদ্য বিতরণ করা হয়। এছাড়া দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।
