২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা পেলে পদ্মায় সেতু দেব: এরশাদ

ভোটে জয়ী হয়ে ক্ষমতায় যেতে পারলে তার সরকার পদ্মা সেতু নির্মাণ করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 09:11 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

তিনি দাবি করেন, তার আমলেই দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। ২৩ বছরে দেশে যারা ক্ষমতায় ছিল তারা মানুষকে শান্তি দিতে পারেনি।

ঝিনাইদহ ওয়াজির আলী হাইস্কুল মাঠে শনিবার বিকালে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় এরশাদ এ সব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। অস্ত্র ও টাকার কারণে ভালো মানুষ সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন না। ব্যক্তি নয় দলকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। প্রাপ্ত ভোটের ভিত্তিতে দল সংসদে আসন পাবে। আমরা ক্ষতায় গেলে পদ্মা সেতু নির্মাণ করব। দেশে আগের মতো উন্নয়ন হবে। দেশে শান্তি ফিরে আসবে।”

জনসভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ড. এম হারুন অর রশীদ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, সুনীল শুভ রায়, আহসান হাবিব লিংকনসহ স্থানীয় জাতীয় পার্টির নেতারা।

এরশাদ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে যে সমস্ত দল আছে তাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই দুই দল  বাদে দেশকে রক্ষা করতে আমার দল নির্বাচন করবে। আপনারা আমার সাথে থাকবেন।”

এ সময় তিনি আগামী নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে ড. হারুন অর রশীদকে প্রার্থী হিসাবে ঘোষণা দেন।