ফরিদপুরে বিদ্যুতের দাবিতে মিছিল-সমাবেশ
নিরবছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
শনিবার দুপুরে ভাঙ্গা বাজার বণিক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
ভাঙ্গা ঈদগাহ এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বাজার এলাকার চালপট্টিতে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সহসভাপতি মিয়া মো. আলমগীর এবং সদস্য আলম মুন্সী।
সমাবেশে বক্তারা বলেন, ভাঙ্গায় লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে।
দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এর ফলে ব্যবসা-বাণিজ্য, কল-কারখানা, স্কুল-কলেজ ও অফিস-আদালতের কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
অবিলম্বে এর অবসান দাবি করেন তারা।
এ বিষয়ে ভাঙ্গার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী এটিএম ফরিদুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।
