২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরেবাংলা মেডিকেল ছাত্রাবাসে আগুন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) একটি ছাত্রাবাসে আগুনে কয়েকজন ছাত্রের মালামাল পুড়ে গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার দুপুরে জামিলুর রহমান ছাত্রাবাসের ২১০ নং কক্ষে এই অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ছাত্ররা দাবি করছেন।

তবে ফায়ার সার্ভিস জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চারলাখ টাকা।

ওই কক্ষের শিক্ষার্থী ৪১ তম ব্যাচের জোবায়ের হোসেন বলেন, দুপুরে ক্লাস শেষে ছাত্রাবাসে ফিরে কক্ষে আগুন জ্বলতে দেখেন। তাদের চিৎকারে হলের অন্য বাসিন্দারা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি ছাড়াও একই ব্যাচের ফাহাত, সুমন ও শামিম ওই কক্ষে থাকেন বলে জানান জোবায়ের।

তাদের কক্ষে থাকা ৩টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন সেট, ৮০ হাজার টাকার বই, ৪টি খাট, ৩টি আলনা, ১টি রাইস কুকার ও নগর ২২ হাজার টাকা পুড়ে গেছে বলে জানান তিনি।

সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার।

বরিশাল ফায়ার স্টেশনের ডিউটি অফিসার ফায়ারম্যান জলিলুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

গণপূর্ত কর্মকর্তা অবরুদ্ধ

এদিকে, মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামো গণপূর্ত অধিদপ্তরের আওতাধীণ হওয়ায় খবর পেয়ে সেখানে পরিদর্শনে যান গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল পাটোয়ারী ও মাঠকর্মী মিন্টু খান।

এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা তাদেরকে ছাত্রাবাসের ২০৬ নং কক্ষে অবরুদ্ধ করে রাখে।

পরে হল সুপার এসে তাদের উদ্ধার করেন।

জামিলুর রহমান ছাত্রাবাসের হল সুপার ডা. এএসএম শরফুজ্জামান রুবেল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এছাড়া ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।