সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
সপ্তাহের প্রথম দিনেও গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
গত সপ্তাহজুড়ে অসন্তোষের পর বন্ধ হয়ে যাওয়া কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে গাজীপুরে। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশ তাদের হটিয়ে দেয়।
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর কাঠগড়া ও জিরাব এলাকার আটটি কারখানায় ছুটি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহজুড়ে গাজীপুর, সাভার, আশুলিয়া, নরারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ থেকে ভাংচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।
এরপর শিল্প মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে নতুন মজুরি কাঠামো ঘোষণার জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে সবাইকে শান্ত থাকতে বলা হয়।
শিল্প পুলিশের গাজীপুর শাখার পরিদর্শক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শনিবার সকালে চান্দনা চৌরাস্তা ও আউচপাড়া এলাকার দুটি পোশাক করখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে তাদের সাথে যোগ দেয় আরো দুই কারখানার শ্রমিক।
সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকার ‘পেন্ডরা সোয়েটার’ এবং আউচপাড়ার ‘জয়েন্ট গ্লোবাল’ পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিস দেখে বিক্ষোভ শুরু করে।
পরে তারা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়েকে এসে কয়েকটি গাড়িতে ইটপাটকেল ছোড়ে। তখন শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ ও র্যাব তাদের ধাওয়া করে হটিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
উপপরিদর্শক জাকির বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা তখন পশ্চিম দিকে এগিয়ে ‘কোস্ট টু কোস্ট’ এবং ‘এস কিউ’ সোয়েটার কারখানায় কাজ করতে থাকা শ্রমিকদের উস্কানোর চেষ্টা চালায় এবং ওই কারখানা দুটির দিকে ইট ছুড়তে থাকে।
তখন ওই কারখানা দুটি থেকেও শ্রমিকরা বেরিয়ে আসে। এরপর চার কারখানার শ্রমিকরা এক হয়ে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নামে। তখন পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আধা ঘণ্টাকাল সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ন্যূনতম মজুরি ৮ হাজার টাকার দাবিতে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার ‘আদিব সোয়েটার’ ও ‘হাতিম সোয়েটার’ কারখানার শ্রমিকরা সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভের চেষ্টা চালায়।
মহাসড়ক পুলিশের মাওনা থানার ওসি মো. সানোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের হস্তক্ষেপে সেখানকার পরিস্থিতি শান্ত হয়।
এদিকে পোশাক শিল্পে অসন্তোষের প্রেক্ষাপটে গাজীপুরে মোতায়েন বিজিবি সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে।
জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোশাক খাতের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরো ৩ প্লাটুনসহ মোট ৬ প্লাটুন বিজিবি শনিবার সকাল থেকে টহল দিচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার নামানো হয় ৩ প্লাটুন বিজিবি সদস্য।
সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কমফোর্ট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা কারখানার ফটকে বন্ধের নোটিস দেখে বিক্ষোভ শুরু করে।
এরপর তারা আজমত গ্রুপ, সোনার বাংলা ফ্যাশন, ক্রস ওয়্যার লিমিটেড, টি-ডিজাইন লিমিটেড, ডেনিয়ার ফ্যাশনসহ বেশ কয়েকটি কারখানায় ইট ছোড়ে এবং ওই কারখানার শ্রমিকদের বিক্ষোভে যোগ দিতে চাপ দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সকাল ১০টার দিকে শ্রমিকরা বিশমাইল-জিরাব সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদেরকে রাস্তা থেকে সরাতে গেল উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে ইট ছুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি করলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা ছয়/সাতটি গাড়ি ভাংচুর করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় অন্তত ২০ জন।
শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বিজিএমইএ’র সভাপতি ও আশুলিয়ার দি রোজ ড্রেসেস কারখানার মালিক আতিকুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মজুরি র্বোডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। আপনারা ধৈর্য ধরুন।”
ভাংচুরে শ্রমিকদের উস্কানি দেয়া হচ্ছে অভিযোগ করে তা বন্ধের দাবিও জানান তিনি।
অন্যদিকে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া জোনের সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দাবি অনুযায়ী ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা না হলে আন্দোলন চলবে।
গত মে মাসে মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ড শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেও কোনো সিদ্ধান্তে এখনো আসতে পারেনি।
গত সপ্তাহের অসেন্তাষের পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নভেম্বরে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে।
বর্তমানে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩ হাজার টাকা। শ্রমিকরা এবার তা বাড়িয়ে ৮১৪৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বিজিএমইএ প্রস্তাব করেছে ৩৬০০ টাকা।
