লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৬
লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পাট বাজারে শুরু হওয়া সংঘর্ষে মানিক হোসেন নামে এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হন।
আহতদের মধ্যে অন্যরা হলেন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এমরান হোসেন মানিক, ছাত্রলীগ কর্মী ইসমাইল হোসেন, মো. সৌরভ, রুবেল হোসেন ও যুবলীগ কর্মী খোকন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় একটি শালিশি বৈঠকে উপজেলা যুবলীগ সভাপতি এমুর সঙ্গে রামগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজুর কথা কাটাকাটি হয়। পরে রাজুর লোকজন এমুর ব্যক্তিগত কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তার লোকজন হামলা চালায়।
ঘটনা সম্পর্কে জানতে যুবলীগ নেতা এমরান হোসেন এমুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
রামগঞ্জ থানার এসআই কামাল হোসেন সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
