বেপরোয়া গাড়ি চালকদের সর্বোচ্চ শাস্তি দাবি
সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বেপরোয়া গাড়ি চালকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে শিশু-কিশোর সংগঠন খেলাঘর।
শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি আয়োজিত কর্মসূচি থেকে বক্তারা বলেন, বেপরোয়া গাড়ি চালনা রোধ করা না গেলে শিশুরা স্বজন হারানোর পাশাপাশি মনোবৈকল্যের শিকার হবে।
চালকদের সর্বোচ্চ শাস্তি দাবি, বেপোরোয়া গাড়ি চালনা বন্ধ করো, দুর্ঘটনা নয় স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা এ কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচি থেকে অংশগ্রহণকারীরা বলেন, কঠোর শাস্তির আওতায় আনা যাচ্ছে না বলে চালকেরা বেপরোয়া হয়ে উঠেছে। এতে করে নুসরাতের মতো শিশুরা আজ এতিম হওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। শিশু কিশোরদের এসব যন্ত্রণার হাত থেকে আমাদের বাঁচাতে হবে।
খেলাঘর মহানগরী কমিটির সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, খেলাঘরের সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, সংগঠক রিপন বড়–য়া, সালমা জাহান, কবি আশীষ সেন, উদীচী সাধারণ সম্পাদক সুনীল ধর, রুবেল দাশ প্রিন্স প্রমুখ।
