জলবায়ু চুক্তিতে বৈজ্ঞানিক তথ্য ব্যবহারের দাবি
জলবায়ু বিষয়ক চুক্তিতে বৈজ্ঞানিক তথ্য ব্যবহারের দাবি জানিয়েছেন দক্ষিণ এশীয় তরুণরা।
নোয়াখালী পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত দক্ষিণ এশীয় জলবায়ু, কৃষি ও পানি বিষয়ক ক্যাম্পের দ্বিতীয় দিন শুক্রবার এ দাবি জানানো হয়।
পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক (প্রান), অনলাইন নলেজ সেন্টার, হিউম্যানিটি ওয়াচ এবং অক্সফামের বৈশ্বিক প্রচারাভিযানের (গ্রো) উদ্যোগে তিনদিনব্যাপী এই যুবক্যাম্পের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার শুরু হওয়া এ ক্যাম্প চলবে শনিবার পর্যন্ত।
স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ৮০ জন তরুণ ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।
তারা ২০১৫ সালের পর বৈশ্বিক ও জাতীয় উন্নয়ন কৌশল প্রণয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি সম্পাদনে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেলের (আইপিসিসি) প্রতিবেদনের বৈজ্ঞানিক তথ্য বিবেচনার দাবি জানিয়েছেন।
নোয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে প্রতীকের মাধ্যমে বিষাক্ত কার্বন মনক্সাইড গ্যাস, মিথেন গ্যাস ও নাইট্রেড অক্সাইড গ্যাস নিঃসরণের বিরূপ প্রভাবের চিত্র উপস্থাপন করা হয়।
আয়োজক সংগঠন প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ জানান, দক্ষিণ এশিয়ার ৬০ ভাগেরও বেশি জনগোষ্ঠী সরাসরি ক্ষুদ্র ও প্রান্তিক উৎপাদক এবং ৪০ ভাগ মানুষ জীবন-জীবিকার জন্য সরাসরি প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেন।
কৃষি, গবাদিপশু, মৎস্যচাষ, গৃহস্থালি ও গ্রামীণ জীবনযাত্রার জন্য পানি অপরিহার্য। কিন্তু বন, পাহাড় ও ভূমির মতোই পানিসম্পদও ক্ষুদ্র উৎপাদকের কাছ থেকে দখল করে নেয়া হচ্ছে। ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার স্থানীয় ৩৩ শতাংশ সাধারণ পানিসম্পদ প্রভাবশালী ব্যক্তি, দানবীয় প্রতিষ্ঠান ও শিল্পকারখানার দখলে চলে গেছে।
পানিদূষণ ও দখলের কারণে কৃষক ও জেলেসহ ক্ষুদ্র উৎপাদকরা পানির উপর তাদের প্রথাগত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিদিন এ ধরনের দখল ও দূষণ বাড়ছে এবং একই সঙ্গে বাড়ছে ধনী ও দরিদ্রের মধ্যে অধিকার।
ফলে, কোনো কর্মসূচি দ্বারাই সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না।
দক্ষিণ এশিয়ার অধিকাংশ নদীই কয়েকটি দেশের মধ্যে দিয়ে গেছে। উজান থেকে পানি প্রত্যাহার করা হলে তা সরাসরি ভাটির অধিবাসী, বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের উপর প্রভাব ফেলে।
তাই উজানের গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (জিবিএম) ও সিন্ধু অববাহিকায় অন্যায্যতার কারণে ভাটির দেশগুলোতে লবণাক্ততা বৃদ্ধি, বন্যা, জলাবদ্ধতা ও পলিজনিত নদীভরাটের ঘটনা ঘটছে।
এর ফলে পাকিস্তান ও বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক উৎপাদকদের জীবন-জীবিকা হুমকির সম্মুখীন।
তাই অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনা দক্ষিণ এশিয়ায় দ্বিপাক্ষিক পরিকল্পনার বদলে অববাহিকাভিত্তিক পরিকল্পনা ও আঞ্চলিক নদী ব্যবস্থাপনা জরুরিভাবে দরকার।
