২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আওয়ামী লীগের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ১১ পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 10:07 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মায়াময়ী হোটেল মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

এক ঘণ্টারও বেশি সময় ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর রাত ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়।

আহত পুলিশ সদস্যের মধ্যে ওমর আলী ও মঞ্জুরুল মিয়াকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে অন্যদের নাম জানা যায়নি। অন্যান্য আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার সাজিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষসহ ছয় শিক্ষক-কর্মচারীর নিয়োগ নিয়ে আওয়ামী লীগের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী এবং গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। একই ঘটনায় এর আগেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিল।

বিকালে উভয় পক্ষ মিছিল নিয়ে মহড়া দিতে থাকলে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাল্টাপল্টি ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান সাজিদ হোসেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ১শ’ নয় রাউন্ড গুলি ও ১০ রাউন্ড টিয়ার সেল ছোড়া হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন ।

তিনি আরো জানান, বিকালে নিয়োগ সংক্রান্ত ওই ঘটনা নিয়ে আওয়ামী লীগের দুটি পক্ষ উপজেলা সদরের পৃথক স্থানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। সংসদ সদস্যের গ্রুপ থানা (মায়ামনি হোটেল) মোড়ে আর উপজেলা চেয়ারম্যানের গ্রুপ উপজেলা পরিষদ মোড়ে ছিলেন। সন্ধ্যার দিকে উভয় পক্ষ মিছিল নিয়ে মায়ামনি হোটেল মোড়ে এসে সংঘর্ষে জড়ায়।