সেই কক্ষে ঘুমান না বখতিয়ারের মা-বাবা
একমাত্র সন্তানকে হারানোর স্মৃতি ভোলার চেষ্টায় নিজেদের শয়ন কক্ষে ঘুমাচ্ছেন না বখতিয়ার লতিফের মা-বাবা।
সন্তানের মৃত্যুর জন্য দায়ী ডাকাত দলের কেউ গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষের পাশাপাশি তাদের মধ্যে আতঙ্কও রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে নিজেদের বাড়িতে গত ১৩ সেপ্টেম্বর ডাকাতের হামলায় খুন হন ‘ও’ লেভেল পাস করা বখতিয়ার (২০)। ডাকাতির ঘটনা বললেও এই খুনিরা কারা- তা ১৩ দিনেও বের করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. জাহাঙ্গীর আলম মাতুব্বর বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাত দলটি অন্য কোনো জায়গা থেকে এসে এ ঘটনাটি ঘটিয়েছে। তাই খুনিদের সনাক্ত করতে সময় লাগছে।”
বখতিয়ারের ফুপু সাংবাদিক শারভিন রিনভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুনিদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তার ভাই-ভাবী, স্বজনরাসহ এলাকাবাসী মানববন্ধন করবে।
বখতিয়ারের বাড়িতে ভোররাতে হানা দিয়েছিল সশস্ত্র ডাকাত দল। তখন তার বাবা ব্যবসায়ী জাহিদ আল লতিফ ঘুমিয়েছিলেন। ওই কক্ষে মা ফেরদৌসী লতিফ টেলিভিশন দেখছিলেন, আর বখতিয়ার ল্যাপটপে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ডাকাত দল কক্ষে ঢুকতেই বখতিয়ার ‘কে’ ‘কে’ বলে চেঁচিয়ে উঠলেই তার বুকে একটি গুলি করা হয়। এরপর ডাকাতরা বখতিয়ারের বাবাসহ বাড়ির অন্যদের বেঁধে দুটি আলমারি তছনছ করে প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়। বখতিয়ারকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা বলেন, তিনি মারা গেছেন।
শারমিন রিনভি বলেন, যে কক্ষে বখতিয়ার খুন হয়েছে, সেটিই ছিল তার বড় ভাই-ভাবীর শয়ন কক্ষ।
নিহত বখতিয়ার লতিফ
দুই সপ্তাহেও কোনো খুনি গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “যেহেতু খূনিরা এখনো ধরা পড়েনি, তাই ভাই-ভাবির মধ্যে বেশ আতঙ্কও কাজ করছে, যদি ডাকাত দল আবার বাসায় আসে।”
ডাকাতির ঘটনায় জাহিদ লতিফ যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।
জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির এক গৃহকর্মীর স্বামী রাসেল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। কিন্তু তাতে কোনো তথ্য মেলেনি বলে গোয়েন্দা কর্মকর্তা জাহাঙ্গীর জানান।
বেসরকারি টেলিভিশনের বাংলাভিশনের বার্তা সম্পাদক রিনভীর সন্দেহ, যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজে যুক্ত শ্রমিকদের মধ্যে কেউ এই ডাকাতি ঘটাতে পারে, যারা আগেও অপরাধে জড়িত ছিল।
এই সন্দেহের কারণ জানতে চাইলে তিনি বলেন, “ডাকাত দল বাসায় ঢুকেই বলে ‘টাকা কোথায়’, ‘টাকা বের কর’ ইত্যাদি। ডাকাতরা জানত, আমার ভাই আল সাজেদা ফিলিং স্টেশনের মালিক। সুতরাং তারা ভেবেছিল বাসায় তো টাকা থাকবেই।”
