২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত পরিবর্তনে মামুনের আবেদন নামঞ্জুর

অর্থ পাচার মামলার বিচারিক আদালত পরিবর্তনে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের আবেদন মঞ্জুর করেনি হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর মামুনের বেঞ্চ বিতর্কিত এই ব্যবসায়ীর এই আবেদনটি নিষ্পত্তি করে দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মামুনের পক্ষে শুনানি করেন ফখরুল ইসলাম।

এই সপ্তাহের শুরুর দিকে বিচারিক আদালত পরিবর্তনে হাই কোর্টে আবেদন করেছিলেন মামুন।

মামলাটি বর্তমানে ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে। মামুন ওই আদালতে মামলার পরবর্তী কার্যক্রমে স্থগিতাদেশও চেয়েছিলেন।

এই মামলায় মামুনের সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানও আসামি।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যাদেশ তারেক রহমানের মাধ্যমে পাইয়ে দেওয়ার কথা বলে খাদিজা ইসলামের কাছ থেকে ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা গ্রহণ করে মামুন। পরে তা সিঙ্গাপুর পাচার করা হয়।