চট্টগ্রামে শিবিরের হরতালে বিক্ষিপ্ত পিকেটিং
ইসলামী ছাত্রশিবির কার্যালয় থেকে গ্রেপ্তার ৩৪ নেতা-কর্মীর মুক্তির দাবিতে বৃহত্তর চট্টগ্রামে আধাবেলা হরতাল শেষ হয়েছে বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এই হরতাল করে ছাত্র শিবির।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, হরতালের সকালে নগরীর বাদুরতলা এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ষোলশহর বেবি সুপার মার্কেট এলাকায় দুটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে পিকেটাররা।
এ সময় তারা একটি সিএনজি অটোরিকশায় আগুনে দেয়ার চেষ্টা করলেও স্থানীয়রা তা নিভিয়ে ফেলে।
পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে নাশকতা ঠেকাতে অতিরিক্ত দুই হাজার পুলিশ নামানো হয় নগরীতে।
পুলিশের কড়া নজরদারি থাকায় বড় ধরনের কোনো সহিংসতা ঘটনাতে পারেনি শিবির। কয়েকটি স্থানে অর্তকিতে ককটেল ফাটিয়ে বা ঢিল ছুড়েই পিকেটারদের পালিয়ে যেতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সকাল ৯টার পর থেকে নগরীর প্রধান সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়। সপ্তাহের শেষ দিনে হরতালের মধ্যেও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা যায় যানজট।
আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ার সবারই ব্যস্ততা আছে। পাশাপাশি আধাবেলার হরতাল, তাই যান চলাচল স্বাভাবিক দিনের মতোই।”
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত বলেন, সকাল থেকে যান চলাচল অন্যান্য দিনের মতোই। তবে হরতালের সময় ব্যক্তিগত যানবাহন কিছুটা কম ছিল।
হরতাল আহ্বানকারী শিবিরের নগর উত্তর শাখার সভাপতি মাশরুর হোসেনসহ একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
চট্টগ্রামের চন্দনপুরায় গত সোমবার রাত থেকে ভোর পর্যন্ত শিবিরের ওই কার্যালয়ে অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার বিকালে আদালতে হাজির করা হলে ১৭ সেপ্টেম্বর জামায়াতের হরতালের সময় এনায়েতবাজারে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদের কারাগারে পাঠান বিচারক।
তাদের মুক্তির দাবিতে গত দুদিন ধরেই নগরীতে ঝটিকা মিছিল করে ভাংচুর চালিয়ে আসছে শিবিরের কর্মীরা। বুধবারও তারা বন্দরনগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ সময় নগরীর ডিসি হিল ও বহদ্দারহাট এলাকা থেকে ৩৩ শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
একই দাবিতে কক্সবাজারেও আধাবেলার হরতাল করে শিবির।
