‘তদবিরে ঘুম নষ্ট’
সরকারের শেষ বেলায় ক্রমবর্ধমান তদবিরের মুখে বিপাকে আছেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক্সেল লোড কন্ট্রোল স্টেশন সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন “ক্ষমতার শেষ বেলায় স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করা খুব কঠিন, এখানে উদ্ভট উদ্ভট এমন কিছু দাবি আছে যেগুলো রাতের ঘুম নষ্ট করে দেয়।”
এ সময়কে সরকারের জন্য ‘খুবই চ্যালেঞ্জিং’ অভিহিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই নেতা বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হলেও যোগাযোগ মন্ত্রণালয়ের করিডোরকে তিনি এখনো ‘মাছের বাজার’ হতে দেননি।
“অনেক ভাল কাজ করতে চাই। এখন যে অবস্থা হয়েছে প্রতিনিয়তই ক্রমবর্ধমান তদবিরের মুখে মন্ত্রণালয়ের বসে কাজ করা অসম্ভব্ আমি নিজেও বিপদে আছি; সচিব সাহেবও আছেন।”
সরকারের মেয়াদের শেষ সময়ের অভিজ্ঞতা বর্ননা করে মন্ত্রী বলেন “যত কঠিন হতে হচ্ছে, অনেকের সাথে অপ্রিয় কথা বলতে হচ্ছে। এর মধ্যে অনেক আপন মানুষও অচেনা হয়ে গেছে।”
অনেকের অনেক দাবি আছে, যেগুলো নিয়মমাফিক পূরণ করা সম্ভব নয়। সেজন্য অনেকেই এখন ‘দূরে সরে যাচ্ছেন’ বলে ওবায়দুল কাদের জানান।
তিনি বলেন, “এমনি হয়, এর আগেও আমি মন্ত্রী ছিলাম। শেষ বেলার অভিজ্ঞতা আমার আছে।”
যোগাযোগ মন্ত্রণালয়ের কাজের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও বিভিন্ন কাজে দীর্ঘসূত্রতায় হতাশা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি বলেন বিভিন্ন ‘প্রক্রিয়াগত কারণে’ সময়মত সব কাজ করা যায় না। যে কাজ দুই মাসে করা যায়- তা শেষ করতে বছরও পার হয়ে যায়।
আগামী ঈদে সড়কের প্রস্তুতি সম্পর্কে যোগাযোগ মন্ত্রী বলেন, যানচলাচল সচল রাখতে এবং রাস্তার ওপর যাতে কোরবানীর হাট না বসে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার নেবে।
ঈদের সময় পরিবহনে ভাড়া বৃদ্ধি প্রতিরোধেও ‘মনিটিরিং ব্যবস্থা’ থাকবে বলে জানান তিনি।
