২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

বান্দরবান জেলা আনসার কমান্ড্যান্টের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে তার স্ত্রী মামলা করেছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 02:12 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

বুধবার রাতে বান্দরবান সদর থানায় আনসার কমান্ড্যান্ট সেলিমুজ্জামানের (৩০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন সোনিয়া হক (২২)।

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া।

সোনিয়া বলেন, গত ২৫ জুলাই সেলিমুজ্জমানের সঙ্গে তার বিয়ে হয়।

“বিয়ের ১০ থেকে ১৫ দিন পর থেকেই পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছেন সেলিম। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নির্যাতনে মারাত্মক আহত হয়ে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হই।”

সেলিমুজ্জামানকে বিয়ে ‘পাগলা’ অভিহিত করে তার স্ত্রী বলেন, সেলিমুজ্জামান এর আগেও দুটি বিয়ে করেছে এবং তা গোপন করে তাকে বিয়ে করে।

“আমি দুই মাসের অন্ত:স্বত্ত্বা। এখন আমাকে তালাক দিয়ে অন্য একজনকে বিয়ে করবে।”

বান্দরবানের সহকারী পুলিশ সুপার মো. শিবলী কায়সার বলেন, এ ঘটনা তদন্তের পর দোষী সাব্যস্ত হলে সেলিমুজ্জামানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অংশৈপ্রু বলেন, সোনিয়া হকের শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তিনি অন্তঃস্বত্ত্বা।

বান্দরবান মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্তকর্তা নিভা হক বলেন, এ ঘটনায় সোনিয়াকে আইনগত সহায়তা দেয়া হবে।

মানবাধিকারকর্মী ডনাইপ্রু নেলী ও উত্তরা ত্রিপুরা বলেন, পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি। পরে মামলা নিয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য সেলিমুজ্জামানের মোবাইলে একাধিকবার কল করলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।