সহস্রাব্দ লক্ষ্যমাত্রা পূরণে উদ্যোগ নেয়ার দাবি
সহস্রাব্দ লক্ষ্যমাত্রা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে নোয়াখালীতে গণজমায়েত ও মানববন্ধন হয়েছে।
বুধবার নোয়াখালী শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে গ্লোবাল কল টু অ্যাকশন এগেইনস্ট পোভার্টি (জিক্যাপ) বাংলাদেশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস এই কর্মসূচির আয়োজন করে।
‘কাউকেই পেছনে রেখে নয়ঃ সমতার জন্য একসাথে’ স্লোগান নিয়ে আয়োজিত কর্মসূচিতে কৃষক, শ্রমিক, নারী অধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জিক্যাপ বাংলাদেশ-এর জাতীয় সমন্বয়ক আবদুল আউয়ালের সভাপতিত্বে গণজমায়েতে বক্তারা জাতিসংঘের বিশেষ সাধারণ অধিবেশনে জলবায়ু উদ্বাস্তুদের ক্ষতিপূরণ, কৃষককে জমি প্রদান, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার বাস্তবায়ন, কাজ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী শামসুন্নাহার, ক্ষেতমজুর সমিতির নেতা মজিবল হক এবং সাংবাদিক আবু নাছের মঞ্জু।
২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদ শেষ হবে। বিশবজুড়ে ক্ষুধা, দারিদ্র্য ও অসমতা অবসানের লক্ষ্যে বিগত বছরগুলোতে নির্দিষ্ট আটটি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অর্জন ও ভবিষ্যত করণীয় বিষয়ে জাতিসংঘের বিশেষ সাধারণ অধিবেশনে পর্যালোচনা হবে।
