২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের বহির্নোঙরে জাহাজ আটকা

চট্টগ্রাম বন্দর চ্যানেলের অদূরে চরায় আটকে গেছে বিদেশি একটি জাহাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 08:04 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

এমভি গ্ল্যাডিস নামে ওই জাহাজটি বুধবার বিকাল ৫টার দিকে কর্ণফুলী মোহনার অদূরে বহির্নোঙরে আটকে যায়।

তবে এতে বন্দর চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আটকে পড়া ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজটিতে ৩৩৮ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানি পণ্য রয়েছে।

জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে আরো একবার দুর্ঘটনায় পড়েছিল।

গত ৩০ জুলাই মিয়ানমার উপকূলের কাছাকাছি ১৭৬ দশমিক ৮০ মিটার লম্বা জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল।

দেড় মাসেরও বেশি সময় পর গত ৭ সেপ্টেম্বর একটি টাগবোটের সাহায্যে এটি টেনে চট্টগ্রাম বন্দরে আনার প্রক্রিয়া শুরু হয়।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকল জাহাজটিকে পাঁচটি টাগবোটের সাহায্যে টেনে আনার সময় মোহনার অদূরে এর তলা আটকে যায়।

জাহাজটির গভীরতা (ড্রাফট) নয় দশমিক এক মিটার।

“মধ্যরাতে জোয়ারের সময় এটাকে সরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছি,” বলেন বন্দর সচিব।