২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমিউচুয়ালাইজেশন স্কিম: ১৫ সদস্যের বোর্ড চায় ডিএসই

স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী ১৫ সদস্যের পর্ষদ গঠনের সুপারিশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার ডিমিউচুয়ালাইজেশন নিয়ে চূড়ান্ত শুনানিতে ডিএসইর পক্ষ থেকে এই সুপারিশ করা হয়।

সকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভাকক্ষে এই শুনানি অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে চূড়ান্ত মতামত দেয় ডিএসই কর্তৃপক্ষ।

শুনানি শেষে ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হলে ১৫ সদস্যের পর্ষদ গঠনের প্রস্তাব দিয়েছি। এর মধ্যে আটজন থাকবেন স্বাধীন সদস্য। বাকি সাত জনের মধ্যে ছয়জন শেয়ারহোল্ডারদের মধ্য থেকে নির্বাচিত হবেন।

এছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদাধিকার বলে পর্ষদ সদস্য হবেন।

“এর আগে আমরা ডিমিউচুয়ালাইজেশনের স্কিম বিএসইসিতে জমা দিয়েছে। কমিশন বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে কিছু বিষয়ে আমাদের মতামত চেয়েছে। আজকের শুনানিতে আমরা কমিশনকে বিষয়গুলো পরিষ্কার করেছি ।”

শুনানিতে বিএসইসি ও ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি মাসেই ডিমিউচুয়ালাইজেশন স্কিমের চূড়ান্ত অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ জন্য স্কিমটির চূড়ান্ত যাচাই-বাছাই চলছে।