বাংলাদেশি যুবককে নিয়ে গেছে বিএসএফ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্ত থেকে বুধবার এক বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটক মিয়াজান (২২) দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের ফকির মিয়াজির ছেলে।
বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, মিয়াজানসহ ৪/৫ জন বাংলাদেশি মঙ্গলবার রাতে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়।
বুধবার ভোররাত ৩টার দিকে গরু নিয়ে ফিরে আসার সময় সীমান্তের ৯২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছ থেকে মধুপুর ক্যাম্পের সদস্যরা মিয়াজানকে ধরে নিয়ে যায়।
এ সময় অন্যরা পালিয়ে যায়।
উপ-অধিনায়ক আরো জানান, মিয়াজানকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
