২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জলবায়ু ও উন্নয়ন নীতি ঠিক করুন’

টেকসই উন্নয়নের জন্য পরবর্তী উন্নয়ন এজেন্ডা এবং জলবায়ু নীতি নির্ধারণে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 06:58 PM

মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে ‘লিডার্স ডায়ালগ: হাই লেভেল পলিটিক্যাল ফোরাম-ফ্রোম ভিশন টু অ্যাকশন’ শীর্ষক আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, ২০১৫ সাল পরবর্তী উন্নয়ন এজেন্ডা নির্ধারণ এবং ২০২০ সাল পরবর্তী জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আইনি রূপরেখায় পৌঁছাতে হবে।

“বিশ্ব নেতাদের এই দুটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে এবং বিশ্বের টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিকতার পরিচয় দিতে হবে।”

জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ইউএনডিপির প্রশাসক হেলেন কার্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট  জিম ইয়ং কিমও এ সভায় বক্তব্য রাখেন।

উচ্চ পর্যায়ের এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে টেকসই উন্নয়নের তিন স্তম্ভ- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশের ওপর গুরুত্ব দেয়া হয়ে থাকে।

“টিকে থাকার স্বার্থে বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন দরকার। বিশেষত জলবায়ু পরিবর্তনের কারণে এর বিকল্প নেই।”

জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়বে। এতে উপকূলীয় এলাকা তলিয়ে তিন কোটি মানুষকে হুমকির মুখে ফেলবে।

এ চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই উন্নয়নের জন্য সক্রিয় রয়েছে বাংলাদেশ। এটাই জাতিসংঘে ২০১৫ সাল পরবর্তী উন্নয়ন এজেন্ডার লক্ষ্যগুলো তুলে ধরতে বাংলাদেশকে উৎসাহিত করেছে।

শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে এই ফোরামকে স্বল্পোন্নত (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রের (এসআইডিএস) বিশেষ প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার, স্থানীয় নেতৃত্ব, নিজস্ব সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির কারণে এমডিজি অর্জনে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।

“আমাদের অভিজ্ঞতা হচ্ছে, টেকসই উন্নয়নের জন্য আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ।”

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থায়ন, ওডিএ প্রতিশ্রুতি পূরণ, বাণিজ্যিক সুবিধা এবং সাউথ সাউথ ও ত্রিমুখী সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে বিভিন্ন দেশে আর্থ সামাজিক উন্নয়ন ত্বরাণ্বিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “টেকসই উন্নয়নের জন্য প্রতিটি মানুষের কল্যাণ এবং প্রাণীজগতের সবার কথা বিবেচনায় নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যেমন বিশ্ব রেখে যেতে চাই তার জন্য আমাদের এটা করতে হবে।”