বরগুনার সোবাহানকে প্রতীক দেয়ার নির্দেশ
বরগুনা-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুস সোবাহানকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ নির্বাচন কমিশনকে এই আদেশ দেয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সাগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।
গত ৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তা সদ্য পদত্যাগী বেতাগী উপজেলার এ ভাইস চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল করেন। পরে তিনি আপিল করলে ১২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আপিলও খারিজ করে দেয়। এরপর তিনি হাই কোর্টে আসেন।
আদালত তার রিট আবেদনের প্রাথমিক শুনানি করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে দেয়। পাশাপাশি তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চায় আদালত।
চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২৬ জুলাই ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় বরগুনা-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য গোলাম সবুর টুলু মারা যাওয়ার পর এ আসনে উপ-নির্বাচন হচ্ছে। আগামী ৩ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ হবে।
পাথরঘাটা উপজেলার সাত ইউনিয়ন, বামনা উপজেলার চার ইউনিয়ন ও বেতাগী উপজেলার সাত ইউনিয়ন এবং পাথরঘাটা ও বেতাগী পৌরসভা নিয়ে এ আসন গঠিত।
এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩ জন। যাদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৭৫৭ জন পুরুষ এবং ১ লাখ ১৮ হাজার ২৪৬ জন নারী ভোটার।
