২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহল বিনিময়ের দাবিতে সম্মেলন

নাগরিক সুবিধাবঞ্চিত ভারত ও বাংলাদেশের ১৬২টি ছিটমহলের লক্ষাধিক বাসিন্দা ইন্দিরা-মুজিব ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবিতে প্রতিনিধি-কর্মী সম্মেলন করেছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 08:24 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

মঙ্গলবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে ভারতের দাশিয়ার ছড়া ছিটমহলে এ সম্মেলন করেন তারা।

দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহলের প্রতিনিধি অংশ নেন।

ছিটমহল নিয়ে ১৯৭৪ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে ভারত-বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়। তাতে এসব ছিটমহল বিনিময়ের বিষয় অন্তর্ভুক্ত ছিল। ওই চুক্তির আলোকে বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হলেও ভারতীয় পার্লামেন্টে এখনো পাশ না হওয়ায় এ বিরোধ রয়ে গেছে।

সম্মেলনে দুদেশের সরকারের আন্তরিকতা থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে সর্বশেষ প্রোটোকল চুক্তি কার্যকর হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করা হয়।

ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি দাশিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহসাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত।

দীপ্তিমান বলেন, শুধু ভারত সরকার চাইলেই চুক্তি কার্যকর করা সম্ভব। এ কারণে আবার নতুন করে ১৬২টি ছিটমহলে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

দাশিয়ার ছড়া ছিটমহলের এই প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে ১১১টি ছিটমহলে আন্দোলন ছড়িয়ে দেয়া হল। একইভাবে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলে আন্দোলন ছড়িয়ে দেয়া হবে।

“দুদেশে একইসঙ্গে লাগাতার অভিন্ন কর্মসুচি দেয়া হবে। এতে অনশন কর্মসূচিসহ আন্তর্জাতিক আদালতে যাবার প্রস্তুতিও নেয়া হচ্ছে,” বলেন তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারতের দিনহাটার মোন্তাছিম, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপদেষ্টা অধ্যক্ষ শাহাদৎ হোসেন, লালমনিরহাট গোতামারী ছিটের আজিজুল ইসলাম, পঞ্চগড়ের পুটিমারী ছিটের তছলিম উদ্দিন, আটাত্তর গাড়াতি ছিটের মফিজার রহমান, শালবাড়ী ছিটের সিরাজুল ইসলাম,সেউটি কুরশা ছিটের তারা মিয়া, দৈখাতা নাজিরগঞ্জ ছিটের আব্দুল খালেক প্রমুখ।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার অভ্যন্তরে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ১৮টি এবং লালমনিরহাট জেলায় ৩৩টিসহ মোট ৫১টি ছিটমহল রয়েছে। এই ছিটমহল গুলির আয়তন প্রায় ১১০ দশমিক ০২ একর।

অপরদিকে বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে ভারতের কোচবিহার জেলার অধীনে ১১১টি ছিটমহল রয়েছে, যার আয়তন প্রায় ১৭ হাজার ১৫৮ দশমিক ০৫ একর।

এগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলায় ১২টি, লালমনিরহাট জেলায় ৫৯টি, পঞ্চগড় জেলায় ৩৬টি, এবং নীলফামারী জেলায় ৪টি ভারতীয় ছিটমহল রয়েছে।