ট্রাকচালক হত্যার বিচার চেয়ে অবরোধ
জামায়াতের হরতালে হামলায় ট্রাক-চালক ছামছুল হকের মৃত্যুর প্রতিবাদে বগুড়ায় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করছে জেলা মটর ও ট্রাক শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বগুড়া শহরের কেন্দ্রীয় বাস-টার্মিনাল, বনানী, বেতগাড়ি এবং মাটিডালি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অবরোধ করা হয়।
এ সময় মহাসড়কের দুপার্শে কয়েক হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে।
অবরোধকালে সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জামায়াত-শিবিরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল ডাকে।
১৮ সেপ্টেম্বর হরতালের প্রথম রাতে বগুড়ার শেরপুরে দশমাইলে সার বোঝাই ট্রাকে ছোড়া জামায়াত-শিবিরকর্মীদের পেট্রোল বোমায় ছামছুল অগ্নিদগ্ধ হয়। চিকিৎসাধনি অবস্থায় তিনি গত রোববার দুপরে মারা যান।
