২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় গার্মেন্টসে ছুটি

ন্যূনতম বেতন আট হাজার টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের কয়েকটি পোশাক কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আশুলিয়ার জিরাবো থেকে বিশমাইল পর্যন্ত এলাকায় সড়কের দুই পাশে অবস্থিত প্রায় ১০টি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

এক পর্যায়ে তারা জিরাবো বাসস্ট্যাণ্ডে আবস্থান নেয়ার চেষ্ট করলে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

এতে কয়েকজন শ্রমিক আহত হন বলেও জানান পরিদর্শক সাত্তার।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পুকুরপাড় এলাকার মাসকট গ্রুপের শ্রমিকরা কাজ শুরু না করে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় পাশের রেডিয়েন্স গ্রুপের শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভরত শ্রমিকদের সাথে আন্দোলনে যোগ দেয়।

পরে তারা আশপাশের সাউদার্ন ফ্যাশন, টি-ডিজাইন লিমিটেড ও সিলভার টেক্সসহ বেশ কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবারের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। আগের দিন সোমবারও এলাকার কারখানাগুলোতে ছুটি দেয় মালিকরা।   

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারসহ দেশের কয়েকটি এলাকায় মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা।