২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে রেলের আগাম টিকেট ২ অক্টোবর থেকে

কোরবানির ঈদ সামনে রেখে ২ থেকে অক্টোবর ৬ অক্টোবর ট্রেনের আগাম টিকেট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 02:51 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

আর ঈদফেরত যাত্রীদের জন্য আগাম টিকেট বিক্রি করা হবে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

রেলওয়ের মহাপরিচালক আবু তাহের মঙ্গলবার রেল ভবনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি বলেন, ২ অক্টোবর পাওয়া যাবে ১১ অক্টোবরের টিকেট। এভাবে ধারাবাহিকভাবে ৬ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে ১৫ অক্টোবর পর্যন্ত যাত্রার টিকেট।

আর ৯ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে পাওয়া যাবে ১৮-২২ অক্টোবরের অগাম টিকেট।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, ঈদ মৌসুমে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছুটি পাবেন না। নির্ধারিত ছুটির দিনেও ট্রেন চলবে।

ঈদের আগের ৫দিন থেকে মালগাড়ি চলাচল বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, মালগাড়িগুলো দুর্ঘটনায় বেশী পড়ে, ট্রেন চলাচল অব্যাহত রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

“ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী (সিটিং ক্যাপাসিটি) পরিবহন করবে রেলওয়ে।”

আবু তাহের বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এগুলো ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। ফেরত যাত্রীদের চাপ থাকলে প্রয়োজনে ঈদের পরও বিশেষ ট্রেন চলাচল করবে।

এছাড়া ঈদের দিন ভৈরব-মংমনসিংহ-কিশোরগঞ্জ রুটে ৪টি বিশেষ ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।

একজন যাত্রী সর্বোচ্চ ৪টি অগ্রীম টিকেট নিতে পারবেন, যা ফেরত নেয়া হবে না।

এসময় অগ্রীম টিকেটের পাশাপাশি চলতি টিকেট বিক্রির ব্যবস্থা থাকবে বলেও জানান রেল প্রধান।

ঈদ উপলক্ষে পাহাড়তলী ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে মোট ১২২টি কোচ যাত্রীদের ব্যবহারের জন্য সরবরাহ করা হবে।

বরাবরের মতো ভিভিআইপি অথবা ভিআইপিদের জন্য অতিরিক্ত কোচ থেকে এসি ও প্রথম শ্রেণীর ৫ শতাংশ আসন সংরক্ষিত রাখার পাশাপাশি রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য শুধুমাত্র পাশের বিপরীতে ইস্যুর জন্য ৫ শতাংশ টিকেটে সংরক্ষিত থাকবে।