২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসে আগুন, ৩ ছাত্রদল কর্মী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন কর্মীকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে সাত-আটজন যুবক ‘জিয়ার সৈনিক এক হও’; রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দিতে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবীনগরগামী তিতাস পরিবহনের যাত্রীবাহী বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা আরও কয়েকটি যানবাহন ভাংচুর করে।”

খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও বাসটি ততোক্ষণে সম্পূর্ণ পুড়ে যায়।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে বেলা ১১টার দিকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের কাছ থেকে ছাত্রদলের তিনকর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

তবে বাসে আগুন দেয়ার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাকির হোসেন বলেন, “ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। কে বা কারা বাস পুড়িয়েছে সে দায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেবে না।”