নির্বাচনের প্রস্তুতি নিন: খালেদাকে হাছান
নির্দলীয় সরকারের আন্দোলন ছেড়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। সেই নির্বাচনে অংশ নেয়ার জন্য বিরোধীদলীয় নেত্রী ও বিএনপিকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি। নির্বাচন প্রতিহত করার প্রস্তুতি নিয়ে লাভ নেই।”
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শেখ হাসিনা সরকারে সাফল্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় হাছান মাহমুদ একথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভারত-অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই নির্বাচন হবে।”
নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “জাতীয় স্বার্থে আমরাও সংলাপ চাই। কিন্তু কার সঙ্গে সংলাপ হবে? যিনি জন্ম তারিখ বদলে ১৫ অগাস্ট কেক কাটেন, তার সঙ্গে? নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন, তার সঙ্গে?
“সংলাপ হবে। তার আগে বিরোধীদলীয় নেত্রীকে অবস্থান পরিষ্কার করতে হবে। ১৫ অগাস্ট কেক কাটার জন্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”
খালেদা জিয়াকে নিজের মায়ের বয়সী উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, “আমি তাকে সম্মান করি, কিন্তু যখন তিনি ১৫ অগাস্ট কেক কাটেন, তখন সেই সম্মান ক্ষোভে পর্যবসিত হয়।”
