সিলেটে সিপিবি-বাসদের জনসভায় হামলায় গ্রেপ্তার দাবি
সিলেটে সিপিবি-বাসদের জনসভায় হামলাকারী ছাত্রলীগকর্মীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ নামের একটি সংগঠন।
সোমবার সন্ধ্যায় নগরীর সারদা হল এলাকা থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এতে গণতন্ত্রী পার্টি, সিপিবি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গত ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে সিপিবি ও বাসদের জনসভায় হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ। হামলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ৬ নেতাকর্মী আহত হন।
ঘটনার রাতেই সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
হামলার পর ওই রাতে সিলেট জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নীপুসহ ৬৮ ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়। তবে ঘটনার আটদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
