২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে পুলিশ-শিবির সংঘর্ষে আহত ১০

ফেনীর সোনাগাজী উপজেলায় পুলিশ ও ইসলামী ছাত্র শিবির সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার দুপুরে উপজেলা সদরে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ উল্লাহ (৩৮), কনস্টেবল মোস্তাফিজুর রহমান (৩২), ইব্রাহিম খলিল (৪৫) ও নুর নবী (৩৫), শিবিরকর্মী জাকির হোসেন, শাহাদাত হোসেন, সাহজাহান, ফয়েজ আহম্মদ ও ইব্রহিম খলিল।

একজনের নাম জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সদস্যদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। শিবিরকর্মীরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, দুপুরে শিবিরের নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি জিরো পয়েন্টে পৌঁছার পর পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ লাঠিপেটা করে এবং শটগানের ফাঁকা গুলি ছোড়ে।

এরপর দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

শিবিরকর্মীদের ইটপাটকেল নিক্ষেপে চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।