ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি এবং দুই সচিবের দপ্তর বদল হয়েছে।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. নূরুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা করে ওই পদে সংসদ সচিবালয়ের সচিব মো. মাহফুজুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলকে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কাজী আবু সাঈদকে বিনিয়োগ বোর্ডের (আইসিটি অ্যান্ড রিসার্চ) নির্বাহী সদস্য, ওএসডি যুগ্ম-সচিব আনিস উল হক ভূইয়াকে ঢাকা চামড়া শিল্প নগরীর (২য় প্রকল্প) প্রকল্প পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব এস এম শিবলী নাজিরকে কৃষি মন্ত্রণালয়ের ফলিত পুষ্টি ও গবেষণা ইনস্টিটিউটের ভৌত অবকাঠামো শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব মো. আব্দুস সাত্তারকে নৌপরিবহন মন্ত্রণালয়ের শিপিং কর্পোরেশনের নিজস্ব জমিতে ২৫তলা ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বেগম মাহবুবা মাশকুর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মতিউর রহমান এবং বিটিভির পরিচালক (যুগ্ম-সচিব) আনিছ আহমেদকে ওএসডি করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
