চাঁদপুরের ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
চাঁদপুর সদরের মহামায়া মসজিদ সংলগ্ন সরকারি পুকুর নিয়ে আদালতের আদেশ না মানায় জেলা প্রশাসকসহ সাতজনের বিরুদ্ধে অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ রোববার এই রুল জারি করে।
এই সাতজন হলেন- পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম) জাফর আলম, পরিবেশ অধিদপ্তরের (চাঁদপুর) সহকারী পরিচালক আরেফিন বাদল, জেলা প্রশাসক ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর শাহিন খান, চাঁদপুর সদর থানার ওসি মাহবুব মোরসেদ, মহামায়া বাজারের বাসিন্দা কামাল হোসেন ও সোহাগ পাটওয়ারী।
তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না- ৭ দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় শুনানি করেন।
পরে মনজিল মোরসেদ বলেন, ওই মসজিদসংলগ্ন পুকুর ভরাট বন্ধ করতে স্থানীয় আলফু গাজী জনস্বার্থে হাই কোর্টে আসেন। গত ২৬ জুলাই হাই কোর্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। এরপরও কিছু ব্যক্তি পুকুর ভরাট অব্যাহত রাখে।
এ কারণে আদালত অবমাননার এই রুল চাওয়া হয় বলে জানান তিনি।
