দিনাজপুরে যুবককে কুপিয়ে হত্যা
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের একটি বাড়ির দখল নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার ইসলামপুর কালিবাড়ি এলাকায় রবিউল ইসলাম বাবুলকে (৩০) কুপিয়ে আহত করা হয়। রাতে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
বাবুল পৌর শহরের নূরনগর মহল্লার তবার উদ্দিনের ছেলে।
পার্বতীপুর জিআরপি থানার ওসি মো. সাজু মিয়া পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সংবাদিক একরামুল হক বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পার্বতীপুর পৌর শহরের নিউকলোনির রেলওয়ের একটি বাড়ির দখল নিয়ে বাবুলর সঙ্গে এলাকার আবদুল কাদিরের ছেলে রাইসুল ইসলাম সোহেল সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।
“রাতে সোহেলের লোকজন ইসলামপুর কালিবাড়ি এলাকায় বাবুলকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় বলে তার স্বজনরা অভিযোগ করেন।”
গুরুতর আহত বাবুলকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে বাবুলের মৃত্যুর খবর পেয়ে তার অনুসারীরা রাতেই সোহেলের বাড়িতে হামলা চালিয়ে তার বাবা আবদুল কাদির ও মা নাসিমা বেগমকে মারধর করে।
তাদের তাদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পার্বতীপুর জিআরপি থানার ওসি মো. সাজু মিয়া হতাহতের ঘটনা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
