চট্টগ্রামে পলিটেকনিক ছাত্র খুন, বান্ধবীকে আটক
চট্টগ্রাম সরকারি কলেজের পূর্ব গেইটে বেসরকারি পলিটেকনিকের ছাত্র খুনের ঘটনায় তার এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে উর্মি (২০) নামের ওই ছাত্রীকে আটক করা হয়।
উর্মি চট্টগ্রাম সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উর্মিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে পটিয়া থেকে চকবাজার থানায় আনা হয়েছে।
ওসি বলেন, উর্মির সঙ্গে নিহত তৌফিকের প্রেমের সম্পর্ক ছিল। তবে পরে উর্মি অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে তৌফিক তার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন। এ নিয়ে জটিলতাকে কেন্দ্র করে তৌফিক খুন হতে পারে বলে ধারণা করছি।
“উর্মি নতুন প্রেমিক ও অন্য কেউ এ ঘটনায় জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। উর্মিকে জিজ্ঞাসাবাদের পরই বিস্তারিত বলা যাবে।”
শনিবার দুপুরে চট্টগ্রাম সরকারি কলেজের পূর্ব গেইটে দুর্বৃত্তদের হামলায় ছুরিকাহাত হন বেসরকারি শ্যামলি পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী রফিকুল ইসলাম তৌফিক (২৪)।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক মারা যান।
তিনি চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামের শামসুল হকের ছেলে।
