২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

পল্লী রেশনিং চালু ও দৈনিক সর্বনিম্ন মজুরি ৩৫০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষেতমজুর সমিতি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 05:09 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে সেখানে ফিরে এসে সমাবেশ করেন তারা।

তাদের দাবিগুলো হল ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পল্লী রেশনিং চালু করে প্রতি কেজি চাল-আটা-লবণ পাঁচ টাকা, তেল-ডাল ৩০ টাকা, চিনি-কেরোসিন ১৫ টাকা দরে সরবরাহ, সারাবছর কাজের নিশ্চয়তা ও দৈনিক সর্বনিম্ন ৩৫০ টাকা মজুরি নির্ধারণ, নারী-পুরুষের একই কাজে সমান মজুরি, খাই-খালাসি ধরনের আইন করে এনজিও ঋণের জাল থেকে গরিব মানুষকে মুক্তি দেয়া।

ক্ষেতমজুর সমিতি নোয়াখালী জেলা সভাপতি আবু তাহের ভূঞার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সোহেল আহমেদ, কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল আহমেদ, জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মজিবুল হক, সদর উপজেলা সম্পাদক শহীদ উল্লাহ, সোনাইমুড়ী উপজেলা সম্পাদক এটিএম গোলাম হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কামাল মিয়া।

বক্তারা বলেন, দেশের শতকরা ৭০ ভাগ মানুষ ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুর। সংখ্যাগরিষ্ঠ এই অংশ সমাজের সবচেয়ে শোষিত, বঞ্চিত, অত্যাচারিত।

ক্ষেতমজুর ও গ্রামীণ মজুরদের সারাবছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তা নেই। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। এনজিওর ঋণের জালে গরিব মানুষের জীবন বিপর্যস্ত। গ্রামের গরিব মানুষের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দ সরকারের কিছু অসাধু কর্মকর্তা, ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাকর্মীসহ টাউট বাটপাররা লুটেপুটে খাচ্ছে।

অগ্রহায়ন মাসে ধান কাটার আগে দুই থেকে আড়াইমাস ‘দিন এনে দিন খাওয়া’ ক্ষেতমুরদের কোনো কাজ থাকে না।

তাই তাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা।