চট্টগ্রাম থেকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল ব্যাহত
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১২টার পর সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়েছে।
কুমিল্লায় রেলওয়ে নিয়ন্ত্রণকক্ষের ডিভিশনাল ট্রেন কন্ট্রোলার আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, চৌদ্দগ্রামের গুণবতীতে রেল লাইনের দুই পাশের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের কারণে নিরাপত্তাজনিত কারণে শুক্রবার রাত সোয়া ১১টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
সংঘর্ষে লিপ্ত ওই দুই গ্রাম হলো- খাটরা ও চাপাপুর। সংঘর্ষের সময় গুণবতী বাজারের কয়েকটি দোকান ভাংচুর হয়েছে।
গুণবতী রেল স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় ফেনী স্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী সিলেট মেইল ট্রেন, কুমিল্লার নাঙ্গলকোর্টের হাসানপুর স্টেশনে বঙ্গবন্ধু সেতু থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস আটকা পড়েছিল।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার পুলিশ কর্মকর্তা শাহিনুল ইসলাম।
