বুড়িগঙ্গায় ডুবে কিশোরের মৃত্যু
বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত মো. রবিন (১৫) চকবাজারের একটি দোকানে কাজ করতেন। কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন তিনি।
শুক্রবার বিকেলে বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রবিন সকালে কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামেন। নদীতে ডুব দিয়ে তিনি আর উঠেননি। পরে বিকালে খোলামোড়া এলাকায় নদীতে তার লাশ ভেসে উঠে।
ডুব দেয়ার পর কোন কিছুর আঘাত পেয়ে রবিন পানির নিচে তলিয়ে যান বলে ধারণা করছে পুলিশ।
তার মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।
এদিকে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গেন্ডারিয়া ঘন্টিঘরের কাছে লেগুনার চাপায় আব্দুর রহমান (৮) নামে এক শিশু মারা গেছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ইদ্রিস বলেন, স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র রহমান রাস্তায় খেলা করা সময় লেগুনার চাপায় মারাত্বক আহত হয়। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা রহমানকে মৃত ঘোষণা করেন।
