দিনাজপুরে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
দিনাজপুর শহরে পুকুরে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে বানিপাড়ায় একটি পুকুর থেকে নুরুল হোসেন নয়নের (১৯) লাশ উদ্ধার করা হয়।
শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা নয়ন দিনাজপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
নয়নের মা নুজাহান বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বন্ধুসহ দুপুরের দিকে দিনাজপুর মেডিকেল কলেজের পাশে বানিয়াপাড়ার একটি পুকুরে গোসল করতে নেমে নয়ন ডুবে যায়। এলাকার লোকজন অনেক খোঁজাখুজির পর বিকাল ৫টায় তার লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
