সীতাকুণ্ডে দীর্ঘ যানজট
রাস্তা মেরামত ও হরতালের পর অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে শুক্রবার দুপুর পর্যন্ত ছিল দীর্ঘ যানজট।
জামায়াতে ইসলামীর ডাকা দুদিনের হরতালের পর শুক্রবার দূরপাল্লার বাস চলাচল শুরুর পর এদিন সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সীতাকুণ্ডে মহাসড়কে গাড়ি চলেছে থেমে থেমে।
স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদামবিবির হাট ও জলিল গেইট এলাকায় ভোরে যানজট শুরু হয়। এই দুই জায়গায় সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে।
দুপুর ১২টার দিকে মহাসড়কের মাদামবিবির হাটের কাসেম জুট মিল থেকে নগরীর প্রবেশ পথ সিটি গেইট পর্যন্ত প্রায় ২০কিলোমিটার অংশে যানজট লেগে যায়।
ভাটিয়ারী এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ১২টা পর্যন্ত সব যানবাহন মহাসড়কে স্থির দাঁড়িয়ে ছিল।”
মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড থানার এক কর্মকর্তা এই সময়ে সড়ক সংস্কারের কাজের সমালোচনা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দিন হরতালের পর সাপ্তাহিক বন্ধের দিনে গাড়ির চাপ বেশি থাকবে এটাই স্বাভাবিক। তাই হরতালের মধ্যে সড়ক সংস্কার কাজ শেষ করা উচিত ছিল। কোনো কাজে কোনো পরিকল্পনা নেই।”
সড়কের চার লেইনের সম্প্রসারিত অংশ গাড়ি চলাচলের জন্য নির্ধারিত করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে সেখানে এখনো ইট পড়েনি।
ঢাকা-চট্টগ্রাম চার লেইন প্রকল্পের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলিল গেইট এলাকায় সড়ক সম্প্রসারণের কাজ চলছিল। কিন্তু পরিস্থিতি দেখে দুপুরেই যন্ত্রপাতি সরিয়ে নেন তারা।
মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড থানার ওসি মনু সোহেল ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ১২টার পর পরিস্থিতির উন্নতি হয়েছে।
