২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে এনাম মেডিকেলে ভাংচুর

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর করেছে বিক্ষুব্ধ স্বজনরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 09:26 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী খান জানান, বুধবার সকাল ৮টার দিকে সন্তান সম্ভবা লীজা বেগমকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সাভার পৌর এলাকার ৩৪/এ ভাগলপুর মহল্লার জহরুল ইসলামের স্ত্রী।

বুধবার সকাল ১০টার দিকে ডা. কামরুন্নেসার তত্ত্বাবধানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি ছেলে সন্তান হয়।  পরদিন বিকালে লীজা মারা যান।

তার মৃত্যুর খবর শোনার পর স্বজনরা হাসপাতালে ভাংচুর করে।

নিহতের মামা আব্দুল্লাহ অভিযোগ করেন, ভুল চিকিৎসার কারণে লিজা মারা গেছে।

“তার অবস্থা খারাপ দেখেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কথা বলেনি তারা।”

তিনি বলেন, বুধবার রাতে অবস্থার অবনতি হলে একাধিক চিকিৎসকের ত্তত্ত্বাবধানে তার চিকিৎসা চলতে থাকে। পরে গভীর রাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

হাসপাতালের পরিচালক (জনসংযোগ) জাহিদুর রহমান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে লিজার মৃত্যু হয়েছে।

“বুধবার রাতেও তাকে ১১ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তবে রোগীর স্বজনরা ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে।”

ভাংচুরের খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কথা বলার জন্য চিকিৎসক কামরুন্নেসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় উভয় পক্ষই মামলা করবে বলে জানিয়েছেন এসআই আকবর আলী খান।