বরিশালে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব পাংশা গ্রাম থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সুখী আক্তার (২২) ও তার তিন মাস বয়সী মেয়ে আকলিমা।
এ ঘটনার পর থেকে পলাতক সুখীর স্বামী ভ্যান চালক খোকন হাওলাদার।
এলাকাবাসীর বরাত দিয়ে বিমানবন্দর থানার ওসি মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে খোকন ভ্যান নিয়ে বেরিয়ে যায়। বেলা ১১টা পর্যন্ত বাড়ি থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় প্রতিবেশিরা ঘরের জানালা ভেঙ্গে মা ও মেয়ের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
এর পর থেকে খোকনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
বুধবার বিকেলেই খোকন-সুখী দম্পতি ওই বাসায় আসে বলেও জানান ওসি।
