গান পাউডারসহ দুজন গ্রেপ্তার ঢাকায়
জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে গান পাউডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবির হরতালে বোমাবাজির মধ্যে বৃহস্পতিবার সকালে বাড্ডার মাদারটেক এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মধ্য পাইকপাড়া থেকে বোমার সরঞ্জামসহ ইসলামী ছাত্রশিবিরের ১১ কর্মীকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে মাদারটেকে গ্রেপ্তার দুজন হলেন- আতাউর রহমান (৩৫) ও মো. মানিক (২২)।
এই দুজন ভাড়ার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেয় বলে র্যাব জানিয়েছে।
র্যাবের মুখপাত্র এটিএম হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি রিকশার গ্যারেজে বোমা তৈরির সময় তাদের আটক করা হয়।
দুজনের কাছে গান পাউডারের পাশাপাশি একটি ওয়ান শুটার গান, তিনটি হাতবোমা, কয়েকটি কৌটা এবং ছোট ছোট পাথর পাওয়া গেছে বলে জানায় র্যাব।
আতাউর ও মানিকের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না- জানতে চাইলে র্যাব-৩ এ অধিনায়ক মল্লিক ফখরুল ইসলাম বলেন, “তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তবে তারা হরতালসহ নানা নাশকতামূলক কাজ ভাড়ায় করে থাকে।”
বোমাগুলো বৃহস্পতিবার হরতালের সময় ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছিল বলে র্যাবের জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছে।
আতাউর ও মানিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছেন বলে র্যাব জানিয়েছে।
