ফাজিল-কামিল মাদ্রাসা পরিচালনায় বিশ্ববিদ্যালয়
ফাজিল ও কামিল পর্যায়ের দেড় হাজার মাদ্রাসা পরিচালনা করবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
বুধবার জাতীয় সংসদে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।
‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিল-২০১৩’ পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
গত ১৩ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী।
বিলটি পাসের ফলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণসহ যাবতীয় বিষয় ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব, মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের মহা সচিবকে সদস্য রাখার কথাও উল্লেখ রয়েছে বিলে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিককরণ এবং ফাজিল ও কামিল পর্যায়ের পাঠক্রম ও পাঠ্যসূচির আধুনিকীকরণ ও উন্নতি সাধন, শিক্ষার গুণগত মান উন্নয়নসহ ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত করতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব যুক্তিযুক্ত।
বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ২০১১ সালের ২০ এপ্রিল এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ বিল প্রস্তুত করা হয়।
