হরতাল: নারায়ণগঞ্জে শেষ বিকেলে গাড়ি ভাংচুর
জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সারাদিন মাঠে দেখা না গেলেও বিকালে ঝটিকা মিছিল নামিয়ে গাড়ি ভাংচুর চালিয়েছে পিকেটাররা।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কালীর বাজার সিরাজদৌল্লাহ রোডে ১০/১২টি গাড়ি ভাংচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে জামায়াত-শিবিরকর্মীরা।
তবে হরতালের প্রথম দিনে জেলার অন্য কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মানবতা বিরোধী অপরাধের মামলায় উচ্চা আদালতে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করে জামায়াতে ইসলামী। বিচ্ছিন্ন ঘটনার বুধবার প্রথম দিনের হরতাল পালিত হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে শহরের সিরাজদৌল্লাহ রোড জামায়াত-শিবিরকর্মীরা লাঠিসোটা নিয়ে ঝটিকা মিছিল বের করে ১০/১২টি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ আসলে তারা সটকে পড়ে।
এদিকে হরতালের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল কম থাকলেও স্থানীয় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।
তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা গেছে। এছাড়া হরতালে শহরের বেশিরভাগ দোকানপাট খোলা ছিল।
