ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
বুধবার দুপুর পৌণে তিনটার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী মাঠের পাশ থেকে তিন ধাপে ৩৮টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
বাইচ দেখতে নদের দুইপাড়ে হাজার হাজার দর্শক ভিড় জমায়।
প্রায় তিন কিলোমিটার জলপথ অতিক্রম করে ছিলাধর চর গ্রামের বাবুবাড়ির পাশের নদীতে গিয়ে থামে নৌকাগুলো।
বাইচ আয়োজক কমিটির সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলায়েন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিযোগিতায় ফরিদপুর, মাদারীপুর, বরিশাল ও গোপালগঞ্জ জেলা থেকে ৩৮টি নৌকা অংশ নেয়।
চূড়ান্ত ফলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আব্দুল মান্নান মাতুব্বরের নৌকা প্রথম, ভাঙ্গার বালিয়া গ্রামের বাবুলের নৌকা দ্বিতীয় ও মানিকদী গ্রামের আলমগীরের নৌকা তৃতীয় স্থান অধিকার করে।
বিকালে ভাঙ্গা থানা চত্বরে নৌকা বাইচের পুরস্কার বিতরণ করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সুধিন কুমার সরকার, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী আসাদুজ্জামান কবির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া বাইচ উপলক্ষ্যে কুমার নদের উত্তরপাড়ে ভাঙ্গার কোর্ট চত্ত্বর ও দক্ষিণ পাড়ে ভাঙ্গা বাজারে সোমবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী মেলা।
